বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় উপ-স্পিকার (ডেপুটি স্পিকার) ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকদের সাথে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
উপ-স্পিকার হাসপাতাল চত্বরে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনগণ ও স্বাস্থ্যকর্মীরা তাকে স্বাগত জানান। গাড়ি থেকে নেমেই তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। হাসপাতালের আঙিনায় মায়ের কোলে থাকা ‘কৃষ্ণা রানী সরকার’ নামের এক ফুটফুটে শিশুকে তিনি পরম আদরে স্নেহ করেন এবং তার সাথে খুনসুটিতে মেতে ওঠেন।
এরপর হাসপাতালের ভেতরে প্রবেশের সময় ছোট্ট এক শিশু উপ-স্পিকারকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায়। তিনি হাসিমুখে সেই ফুল গ্রহণ করেন। পরে তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন এবং তাদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে সেবাদানের নির্দেশ দেন।
হাসপাতাল পরিদর্শনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। সভায় তিনি প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিয়ে বলেন, “পাবলিক অ্যাকাউন্টিবিলিটি (জনগণের কাছে জবাবদিহিতা) নিশ্চিত করতে হবে।”
তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, হাসপাতালের কাঠামোগত এবং সেবামূলক উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা ও বাজেট প্রস্তুত করতে হবে। তিনি ব্যবস্থাপনা কমিটির তহবিলের সঠিক ব্যবহারের বিষয়েও জানতে চান এবং সেবার মান বাড়াতে চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার নির্দেশ দেন। প্রশাসনিক কোনো গাফিলতি যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়, সে বিষয়েও তিনি বার্তা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সোহরাব হোসাইন লিংকন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু, ডা. সৌরভ ঘোষ, ডা. বনশ্রী বণিক চৈতি, মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) ডা. বিজয় প্রকাশ বিশ্বাস প্রমুখ চিকিৎসকবৃন্দ।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান, সাংবাদিক এনামুল হক তালুকদার এবং কাজল তালুকদার।
উপ-স্পিকারের হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভার ফলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় আরও গতিশীলতা ও স্বচ্ছতা আসবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
পড়ুন- হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
দেখুন- ইরানের মাস্টারপ্ল্যান


