ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ সদর আসনে প্রতিদ্বন্দ্বী ছয়জন প্রার্থীকে নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রার্থীরা এক মঞ্চে উপস্থিত থেকে নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং সাধারণ ভোটারদের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াত মনোনীত প্রার্থী আলফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাছিবুল ইসলাম, খেলাফতে মজলিসের প্রার্থী সরোয়ারুল আলম, বিএনএফের প্রার্থী সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম।
এ সময় সাধারণ জনগণ ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে নানা প্রশ্ন তুললে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। পাশাপাশি সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ এবং জয়পরাজয় মেনে নেওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ছয় প্রার্থী হাতে হাত রেখে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন।
নির্দলীয় ও নিরপেক্ষ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করে সুজনের নীলফামারী জেলা কমিটি। ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং প্রার্থী বাছাইয়ে সহায়ক ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
পড়ুন- আশুলিয়া ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
দেখুন- শেরপুরে জামায়াত নেতা হ/ত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন


