বিটিভির জন্য নির্মিত ‘থাকে তবু ভালোবাসা’ নামের একটি নাটকের জন্য গান গাইলেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সেনিজ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
‘থাকে তবু ভালোবাসা’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। এবারই প্রথম মুরাদ নূরের সঙ্গে গান বাঁধলেন তিনি। তবে জনি হকের লেখা গানে আগেও কণ্ঠ দিয়েছেন সেনিজ। তিনি বলেন, “জনি হক ভাই ও মুরাদ নূর ভাই দুই জনই আমার পছন্দের মানুষ। তাদের সৃষ্টিতে যুক্ত হতে পেরে ভালো লাগছে। খুবই মিষ্টি কথা ও সুরের একটি গান ‘থাকে তবু ভালোবাসা’। আমার গাওয়া অন্যতম সেরা গানগুলোর একটি হয়ে থাকবে এটি।”
সুরকার মুরাদ নূর বলেন, ‘নাটক-সিনেমার গানে নির্মাতার চাওয়া-পাওয়ার বাইরে যাওয়ার সুযোগ কম থাকে! ‘থাকে তবু ভালোবাসা’ গানটি তৈরির ক্ষেত্রে পরিচালকের চাওয়া পূরণের চেষ্টা করেছি। আমার ওপর আস্থা রাখার জন্য পরিচালক ও প্রযোজককে ধন্যবাদ। জনি হকের কথা ও সেনিজের গায়কী প্রশংসনীয়। আশা রাখি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নতুন সৃষ্টি নিয়ে গীতিকবি জনি হক বলেন, “খুব অল্প সময়ের মধ্যে গানটি লিখতে হয়েছে। গল্প মাথায় রেখে কথামালা সাজানোর চেষ্টা করেছি। মুরাদ নূর প্রশংসনীয় সুর বেঁধেছেন। সেনিজ ভালো গেয়েছেন। ‘থাকে তবু ভালোবাসা’ নাটক সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা।”
‘থাকে তবু ভালোবাসা’ গানটি প্রসঙ্গে নাটকের পরিচালক এস এম সেলিম বলেন, ‘গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী আমার প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন। পারিবারিক গল্পের নাটকটি গানের সুবাদে আরও প্রাণ পেয়েছে আমি বলবো। বাংলাদেশ টেলিভিশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’
জানা গেছে, এম এস রানার লেখা ‘থাকে তবু ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, তারেক আজিজ নিশক, অরণ্য বিজয়, মোশারফ হোসেন, মনির হোসেন অনিক, শিশুশিল্পী নাবিহা রানা প্রমুখ। শিগগিরই বিটিভিতে প্রচার হবে নাটকটি। প্রযোজনায় আফরোজা সুলতানা।
পড়ুন : মদসহ ধরা পড়ার খবর মেহজাবীন বললেন, আমাকে টার্গেট করা হচ্ছে


