বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র আড়াই মাসের মতো। বিশ্বমঞ্চে নামার আগে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। আন্তর্জাতিক বিরতিতে এমন এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ২০২৬ বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট দল ব্রাজিল ও ফ্রান্স। তবে ৪০ মিনিটেরও বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলা ফরাসিদের সঙ্গে পেরে ওঠেনি সেলেসাওরা। ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্রান্সের হয়ে একটি করে গোল করে কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি আসে ব্রেমারের পা থেকে।
ম্যাচের প্রথম দিকে কার্লো আনচেলত্তির শিষ্যরা খুব একটা সুবিধা করতে পারেনি। খেলার ৩২ মিনিটে দলকে লিড এনে দেন ফরাসি তারকা এমবাপে। তার ওই এক গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি ডিফেন্ডার ডেয়ট উপামেকানো। এতে ১০ জনের দলে পরিণত হয় ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে একজন খেলোয়াড় বেশি থাকার এই সুযোগ কাজে লাগাতে চরমভাবে ব্যর্থ হয় ব্রাজিল।
উল্টো ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফরাসিরা। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন একিতিকে।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে ম্যাচে ফিরতে বেশ কিছু আক্রমণ চালায় ব্রাজিল। তবে ৭৮ মিনিটে ব্রেমারের গোলে কেবল ব্যবধানই কমাতে সক্ষম হয় তারা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল ব্রেমারের প্রথম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আনচেলত্তির দলকে।
প্রস্তুতির অংশ হিসেবে আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। অন্যদিকে, আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
পড়ুন:৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিলো সরকার
দেখুন:এবার সমুদ্র তলদেশ থেকে ভেসে উঠছে ইরানের ভয়ংকর মি/সা/ই/ল সিটি?
ইমি/


