নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহু মামলার আসামী যুবলীগ নেতা মোতালিবকে গ্রেফতার করেছে র ্যাব- ১। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মোতালিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেফতারকৃতকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকে আওয়ামীলীগের যুবলীগের পদ ব্যবহার করে দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে নানা অপকর্মে লিপ্ত ছিলো।
পুলিশ জানায়, মোতালিবের বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি জবর দখল, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে ।
স্থানীয়দের দাবী, মোতালিব বিগত সময়ে জোরপূর্বক প্রায় ২০ বিঘা কৃষিজমিতে বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরি করেন। এসবের প্রতিবাদ করলেই হামলা-মামলা, অবৈধ অস্ত্রের শোডাউন ও কিশোর গ্যাং ব্যবহারের অভিযোগ রয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বাসিন্দা জানান, প্রায় এক দশক আগে বীর হাটাবো গ্রামের এক প্রভাবশালী পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সমালোচনার মুখে এলাকা ছাড়ে মোতালিব। প্রথম স্ত্রী থাকার বিষয়টি গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছেন, তার নারী কেলেঙ্কারি ও অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রায় দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারী মালা’র সঙ্গে কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচিত হয় মোতালেব।
এছাড়া ছাত্র আন্দোলন দমাতে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে উল্লেখ আছে—২০২১ সালের ২ অক্টোবর মোতালিবসহ ১৫০-২০০ জন অস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং স্বর্ণ, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে। এসময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দাউদপুরের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে র্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিলে অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরকের উৎস শনাক্ত, পলাতক আসামিদের অবস্থান নির্ণয় এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে বন্দর ও সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দেখুন: প্যারাসিটামল বেচে শত শত কোটি টাকার মালিক!
ইম/


