জয়পুরহাটের কৃতি সন্তান ডাকসুর নব নির্বাচিত এজিএম মুহাঃ মহিউদ্দীন খান-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় শহরের বাটারমোড় এলাকায় ক্যাফে অরেঞ্জ রেস্টুরেন্টে জয়পুরহাট সচেতন নাগরিক সমাজের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংগঠনের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে ও প্রকৌশলী আব্দুল বাতেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এটর্নি জেনারেলের কার্যালয়ের সহকারি অ্যাটর্নি জেনারেল এ্যাড. জোবায়দুর রহমান, গ্রাজুয়েট হেল্থ প্রকল্পের চেয়ারম্যান ডাঃ মনিরুজ্জামান মানিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এর ব্যবস্থাপনা হাবিবুর রহমান, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিউদ্দিন খান জয়পুরহাটের গৌরব ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শীর্ষ বিদ্যাপীঠে ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে তিনি যে নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন, তা জেলার জন্য এক বিশাল অর্জন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা মহিউদ্দিন খানকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং তার সফল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নে হানাইল গ্রামের অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুল মাবুদ খানের ছেলে মুহা. মহিউদ্দীন খান। তিনি জেলার হানাইল নো’মানিয়া কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে দাখিলে ও ২০১৮ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর ২০১৮-২০১৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে বিপুল ভোটে এজিএস নির্বাচিত হন।
পড়ুন : ভোটকেন্দ্র স্থানান্তর না করার দাবীতে দুর্গাপুরে মানববন্ধন


