বিজ্ঞাপন

জয়পুরহাটে দর্শনার্থীদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ

ঈদের ছুটিতে বিনোদনের আশায় জয়পুরহাটের কালাইয়ে ঐতিহাসিক নান্দাইল দিঘিতে ঘুরতে এসে চরম হয়রানির শিকার হয়েছেন হাজারো দর্শনার্থী। জাদুর খেলার ফাঁদ পেতে এবং মেলার নামে অবৈধভাবে ১০০ টাকার টিকিট ধরিয়ে দিয়ে সাধারণ মানুষের পকেট কেটেছে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন স্থানীয় বিএনপি নেতা পরিচয়দানকারী গোলাম মোস্তফা ও তার দলবল।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেলার পুনট ইউনিয়নে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে এই সিন্ডিকেট। এরপর দিঘির প্রবেশমুখে কাউন্টার বসিয়ে দর্শনার্থীদের কাছ থেকে জোরপূর্বক ১০০ টাকা করে আদায় শুরু করে তারা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চাঁদাবাজির ভয়াবহ চিত্র। দিঘি সংলগ্ন এমপিওভুক্ত ডিগ্রি কলেজ মাঠে নাগরদোলা, সাম্পান নৌকা ও জাম্পিংয়ের ব্যবস্থা করে সেখান থেকেও হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ১ লাখ টাকা।

শুধু তাই নয়, মেলায় বসা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ছাড় দেয়নি এই চক্রটি। ফুচকার দোকানগুলোতে প্রতিটি টেবিলের জন্য ব্যবসায়ীদের গুনতে হয়েছে দিনপ্রতি ৪ হাজার টাকা চাঁদা। অতিরিক্ত চাঁদার চাপে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝে।

আয়োজকদের দাবি, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের মৌখিক অনুমতি নিয়েই তারা এই মেলা বসিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির বলেন, গোলাম মোস্তফা দলের কেউ নন। এরা বিভিন্ন সময় রাজনৈতিক দলের ছায়া ব্যবহার করে অপকর্ম করে। প্রতি বছরই এমন একটি গোষ্ঠী দর্শনার্থীদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়।

অবৈধ টিকিট বাণিজ্যের মূল হোতা গোলাম মোস্তফা সরকারি অনুমোদন না থাকার বিষয়টি অবলীলায় স্বীকার করে নেন। তিনি বলেন, নিরাপত্তায় নিয়োজিত ৭০-৮০ জন লোকের মাঝে এই টাকা ভাগ করে দেওয়া হয় এবং বাকিটা মসজিদে দান করা হয়। তবে পরে পুলিশের হস্তক্ষেপে টিকিট বিক্রি বন্ধ করা হয়।

জানতে চাইলে কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের ফোনে খবর পেয়ে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। কেউ অভিযোগ দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলে তিনি ফিরতি বার্তায় জানান, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

দেখুন- সুনামগঞ্জে যাদুকাটা নদীতে নৌকাডুবি, অতঃপর… 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন