জয়পুরহাট ও গাইবান্ধা জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চলছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ পরিচালনা করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষণে রিসোর্সপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন অনলাইন বাংলা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সাংবাদিকদের প্রয়োজনীয় জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা, ভুয়া তথ্য, ভুল তথ্য এবং এআই ফ্যাক্ট চেকিং বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচনী সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এদিন বিকেলে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। সেখানে নাগরিক টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মাহফুজার রহমানকেও সনদ দেন সংশ্লিষ্টরা।


