নির্বাচনী আচারনবিধি ভঙ্গের দায়ে জয়পুরহাট-২ আসনের জামায়াতে ইসলামীর এক সমর্থকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ মুচলেকা নেন।
মুচলেকা দেওয়া ওই ব্যক্তির নাম সাব্বির হোসেন (২৫)। তিনি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ এলাকার আলমগীরের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয়সূত্রে জানা গেছে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এবি পার্টি সমর্থিত ঈগল প্রতীকের প্রার্থী এস এ জাহিদের একটি মাইক প্রচারণা চালাচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজন জামায়াত সমর্থক প্রচারণায় বাধা প্রদান করেন এবং মাইকটি কেড়ে নিয়ে বন্ধ করে দেন। খবর পেয়ে নির্বাচনী ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে যায়। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং প্রচারণায় বাধা দেওয়ার অপরাধে জড়িত থাকায় ওই জামায়াত সমর্থকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোর নির্দেশ প্রদান করা হয়।
জয়পুরহাট-২ আসনের এবি পার্টি সমর্থিত ঈগল প্রতীকের প্রার্থী এস এ জাহিদ অভিযোগ করে বলেন, উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে তার নির্বাচনী মাইক প্রচারণা চলাকালে স্থানীয় কয়েকজন জামায়াত সমর্থক বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা মাইকটি কেড়ে নিয়ে বন্ধ করে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, নির্বাচনী আচারবিধি ভঙ্গের দায়ে সাব্বির হোসেন নামে জামায়াতে ইসলামীর এক সমর্থককে অন্য প্রার্থীর প্রচার মাইক কেড়ে নেওয়ার দায়ে তাকে মুচলেকা নেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে।
পড়ুন : গণভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে ইমাম সম্মেলন


