জয়পুরহাটে নিয়ম অমান্য করে তেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে একটি ফিলিং স্টেশনসহ তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এদিন রাত সাড়ে ৮টায় বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান জহুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেট্রল পাম্পের বার্ষিক ভেরিফিকেশন সনদ (সার্টিফিকেট) গ্রহণ না করেই তেল বিক্রি ও বিতরণের অপরাধে সদর উপজেলার পুরানপৈল এলাকার ‘আরাফাত ফিলিং স্টেশন’কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(১)/৪৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় শহরের রেলগেট এলাকার রাজলক্ষ্মী ট্রেডার্স নামে দোকানকে ৮ হাজার টাকা এবং থানা রোডের চৌধুরী এলপিজি নামে অপর একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পড়ুন : জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া যানবাহনে তেল না দেওয়ার সিধান্ত


