জয়পুরহাট জেলা শহরের এটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন। শুক্রবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে শহরের পশ্চিম জানিয়ার বাগান এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
অভিযানে এই অবৈধ কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে শিহাব উদ্দিন মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম জানিয়ার বাগান জামালগঞ্জ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি গোডাউন তল্লাশি করা হয়। তল্লাশিকালে বিভিন্ন ব্র্যান্ডের কয়েক হাজার বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সিরাপের মূল্য ৫২ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শিহাব উদ্দিন স্বীকার করেছেন যে- বিএসটিআইয়ের অনুমোদন এবং কোনো বৈধ লাইসেন্স ছাড়াই এসব ক্ষতিকর সিরাপ অধিক মুনাফার আশায় মজুদ করা হয়েছিল এবং চোরাচালানের মাধ্যমে এসব মালামাল ভারতে পাচার করার পরিকল্পনা ছিল।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিহাব উদ্দিনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জয়পুরহাট থানায় নিয়মিত মামলা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

