শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার মজিবুর রহমান ঢালী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন প্রমুখ। সভায় সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা কার্যালয়ের পরিদর্শক বাহালুল আলম।
সভায় বক্তারা বলেন, উপযুক্ত বেতন না পাওয়ার কারণে শিক্ষকদের জীবন যাপন করা কঠিন হচ্ছে। সরকার বিভিন্ন সময় বেতন ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও বেসরকারি শিক্ষকদের কল্যাণে, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে দৃশ্যমান কোন পরিবর্তন আসেনি। আজকের এই বিশেষ দিনে সরকার ও সংশ্লিষ্টদের কাছে শিক্ষকদের যথাযথ মর্যদা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের আহবান জানান।
উল্লেখ্য, ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে শিক্ষকদের সম্মানে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেসকো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন |
ইম/


