জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং জেলায় একটি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। শনিবার সকালে হাসপাতালের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি, সেবার মান এবং বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত তুলে ধরে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, হাসপাতালে বর্তমানে কিছু সমস্যা রয়েছে। যন্ত্রপাতি ও জনবলের যে ঘাটতি আছে, সেগুলো সরকারের নজরে আনব এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করব।
তিনি হাসপাতাল সম্প্রসারণের বিষয়ে জানান, বর্তমান হাসপাতাল ভবনটিকে ঊর্ধ্বমুখী আরও তিনটি ফ্লোর সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বর্তমানে ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রতিনিয়ত ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকেন। তাই সম্প্রসারণের মাধ্যমে এটিকে অচিরেই ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এটি বাস্তবায়ন হলে রোগীর সেবার মান আরও বাড়বে এবং সেই সাথে চিকিৎসকের সংখ্যাও বৃদ্ধি পাবে।
জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের বৃহত্তর জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই দুটি করে মেডিকেল কলেজ হয়েছে। বৃহত্তর বগুড়া জেলার বাসিন্দা হিসেবে আমরা জানি বগুড়ায় একটি মেডিকেল কলেজ আছে। সেই হিসেবে জয়পুরহাটেও একটি মেডিকেল কলেজ হওয়া প্রয়োজন। কারণ জয়পুরহাটে পার্শ্ববর্তী নওগাঁ, দিনাজপুর এবং বগুড়ার বেশ কিছু উপজেলা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।
নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অবকাঠামোগত সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে ‘ম্যাটস’ (MATS)-এর একটি অব্যবহৃত প্রতিষ্ঠান রয়েছে। আমরা মনে করি, ওই প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধাগুলো ব্যবহার করেই প্রাথমিকভাবে একটি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা সম্ভব। এ বিষয়ে আমরা সরকারের কাছে জোরালো প্রস্তাব ও অনুরোধ জানাব।
পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, জয়পুরহাটে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা গেলে, দেশের সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে রূপকল্প ও পরিকল্পনা গ্রহণ করেছেন, তা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক প্রমুখ।
পড়ুন- যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান


