যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ অধিবেশন শুরু হয়। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থাটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন, সংঘাত, মানবাধিকার এবং খাদ্য নিরাপত্তা ইস্যুগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জাতিসংঘের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান লুলা দা সিলভা। এবারও তাই হচ্ছে।
লুলা দা সিলভার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে “বিশ্বের লক্ষ্য” এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক অগ্রাধিকার তুলে ধরবেন।
পড়ুন : অধিবেশনের সাইড লাইনে দেখা হবে ট্রাম্প ও ড. ইউনূসের : পররাষ্ট্র উপদেষ্টা


