শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দ্রুত প্রবর্তন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের আর্থিক বরাদ্দ ও জনবল বৃদ্ধির দাবিতে আজ শনিবার সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন,শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। কর্মসূচিটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও সম্মানজনক পে-স্কেল একান্ত অপরিহার্য। বর্তমান বেতন কাঠামোতে শিক্ষক সমাজ যথাযথ মর্যাদা ও প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছে, যা উচ্চশিক্ষার গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার মান উন্নত করতে হবে । সেজন্য ইউজিসি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের আর্থিক বরাদ্দ ও জনবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। পর্যাপ্ত বরাদ্দ ও জনবল ছাড়া মানসম্মত শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, দেশের শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রদানের কোনো বিকল্প নেই। শিক্ষকদের আলাদাভাবে গুরুত্ব না দিলে একটি জাতি কখনোই দৃঢ়ভাবে দাঁড়াতে পারে না।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পড়ুন- সবাই প্রতিশ্রুতি দেয় আমি ভোটারদের কাছে প্রতিশ্রুতি চাই: মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু


