১৫/০২/২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০২/২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় মাছ ইলিশের মূল্য নির্ধারণের দাবীতে চাঁদপুর জেলা প্রশাসকের চিঠি

জাতীয় মাছ ইলিশের মূল্য নির্ধারণের দাবীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

১৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় চিঠি পাঠানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন,প্রাচীনকাল থেকেই চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু এবং মানের দিক থেকেও অতুলনীয়। এরই প্রেক্ষিতে ২০১৭ সালে বাংলাদেশের প্রথম জেলা ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুরকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ হিসেবে সরকার স্বীকৃতি দেয়। ইলিশের এ সুস্বাদুতার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী/আড়ৎদার নিজের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন, যা একেবারেই ক্রেতার নাগালের বাহিরে। এমনকি চাঁদপুরের স্থায়ী বাসিন্দাগণেরও অভিযোগ ইলিশের চড়া মূল্যের কারণে ইলিশ তাদের ক্রয় সীমার নাগালের বাইরে চলে যাচ্ছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, যেহেতু ইলিশ চাঁদপুরসহ অন্যান্য জেলাতেও ধরা পড়ে সেহেতু জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নেয়া হলে এর ফলপ্রসু প্রভাব পড়বেনা। এখানে উল্লেখ্য যে, চাঁদপুরের পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিসহ আরও অনেক সাগর তীরবর্তী জেলায় ইলিশ ধরা পড়ে থাকে। নদী বা সাগরে ইলিশ উৎপাদনে জেলেদের কোন উৎপাদন খরচ না থাকলেও ধৃত ইলিশের দাম অসাধু ব্যবসায়ী/সিন্ডিকেট এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেহেতু ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদন হয় সেহেতু ইলিশ আহরণ ও অন্যান্য আনুসঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের মূল্য নির্ধারণ প্রয়োজন। তাই জাতীয় মাছ ইলিশের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, যদি ইলিশ টা শুধু এ জেলায় হতো তাহলে এখানকার ব্যবসায়ীসহ সকল অংশীজনদের নিয়ে মূল্য নির্ধারণ করে ফেলতাম। কিন্তু এটা অন্যান্য জেলাতে হওয়ায় এখানে মূল্য নির্ধারণ হলে অন্যান্য জেলায় নতুন সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করবে।তাই এটি মন্ত্রণালয়কেই ঠিক করতে হবে ইলিশের দাম কেজি প্রতি কত হওয়া প্রয়োজন। আমি একটা উদ্যোগ শুরু করলাম দেখা যাক কতটা সাড়া পাই।

উল্লেখ্য, চাঁদপুরের বাজারে বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ ২২০০ টাকা, সাড়ে ৫শ’ গ্রামের টা ১৪৫০ টাকা,১৩০০ গ্রামের টা ২৬০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের হাইমচরে অসহায়দের মাঝে বিএনপির গরুর গোস্ত বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন