কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় সিরাজগঞ্জের কৃতি ছাত্র হাফেজ মো. রাহিমুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় পৌর মুক্তমঞ্চে এ বিশেষ সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে হাফেজ মো. রাহিমুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সম্মান বৃদ্ধি করেছেন। কুরআনের হাফেজরা জাতির গর্ব—তাদের উৎসাহ ও সম্মান প্রদান করা সমাজের দায়িত্ব।
সংবর্ধিত অতিথি হাফেজ মো. রাহিমুল ইসলাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সাফল্যের পেছনে তার শিক্ষক ও অভিভাবকদের অবদান অপরিসীম।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড


