লক্ষ্মীপুরে জামায়াতের নাম ব্যবহার করে কথিত চাঁদাবাজি ও মামলার হুমকির ঘটনায় সম্প্রতি একটি মামলা ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৯ জুন) রাতে গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লক্ষ্মীপুর শহর জামায়াত।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব সংবাদে “জামায়াত কর্মী তুষার” নামে একজনের বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ আনা হয়েছে, তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিগোচর হয়েছে। এতে যাঁর নাম এসেছে—মেহেদী হাসান তুষার (পিতা: বাহার ভেন্ডার, সাং: বাঞ্চানগর)—তিনি জামায়াতের কোনো ইউনিট বা উপশাখার সদস্য নন এবং তার সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই।
সংগঠনটি জানায়, জামায়াত আদর্শগতভাবে সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডের বিরোধী। কেউ জামায়াতের নাম ব্যবহার করে অপকর্ম করলে তার দায় দল নেবে না। প্রশাসনের সহায়তায় এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রতি জামায়াত অঙ্গীকারবদ্ধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি মু. হারুনুর রশিদ। তিনি আরও বলেন, আশা করি আমাদের এ বিবৃতির পর জামায়াত নিয়ে অপপ্রচারে জড়িত ব্যক্তিরা বাস্তবতা বুঝে বিভ্রান্তি থেকে সরে আসবেন।
পড়ুন: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লক্ষ্মীপুরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা
এস/


