সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে খুলনায় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও দলটির হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী।
তিনি অভিযোগ করেন, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মলনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী কৃষ্ণ নন্দী ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি। সে একজন ব্লাকমেইলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বর ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল তা নয়, ব্যবসার খাতিরে তার সঙ্গে আমার চলাফেরা করতে হয়েছে। তিনি মন্ত্রী আর আমি একজন ব্যবসায়ী তাই ফুল দিতেই পারি। তিনি মন্ত্রী থাকাকালীন আমাকে কোণঠাসা করে রেখেছিলেন জামায়াত ইসলামী করি বলে।
কৃষ্ণ নন্দী বলেন, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাও হয় না।
তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী শ্রেণির যোগসাজসে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারসহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে। আমি এসব অপপ্রচারের জোর প্রতিবাদ জানাই। সাথে সাথে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি।
পড়ুন: তফসিল ঘোষণার পরদিন থেকে উপজেলা-থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত
আর/


