দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, জামায়াতে ইসলামী দলটি ইসলামিক দল নয়। কেননা দলটি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দুই লাখ মা-বোনদের ইজ্জত লুট করতে সহায়তা করেছে পাকিস্তানি হানাদার বাহিনীকে। আজ পর্যন্ত জামায়াতে ইসলামী জাতির কাছে ক্ষমা চায়নি। তবে জামায়াতের আমীর বলেছেন, ১৯৪৭ থেকে এখন পর্যন্ত যদি কোন অন্যায় করে থাকি ক্ষমা করে দিবেন।
তিনি বলেন, জামায়াতের মহিলা কর্মীরা ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে ভোট চাইছেন আর বলছেন “দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন”। তাহলে হিন্দু ভাই-বোনেরা কি নামাজ পড়েন? তারাও কি জান্নাতে যাবে? জামায়াতের মহিলা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) কি বিদায়ী ভাষণে বলেছিলেন-জামায়াতে ইসলামী দলটিকে কি ক্ষমতায় বসাতে হবে দেশে দেশে?
দুলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে আউলিয়াপুর ইউনিয়ন থেকে দেশের যে কোন ইউনিয়নের থেকে সর্বোচ্চ ভোট দিয়ে যেন দেখাতে পারি দেশনেত্রী খালেদা জিয়াকে। কেননা এই ইউনিয়ন তিন জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ইউনিয়ন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে আমি স্বপ্ন দেখি দিনাজপুর সদর উপজেলাকে ঢেলে সাজানো হবে। পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হবে, টেক্সটাইল ইনস্টিটিউটকে কলেজে রূপান্তরিত করা হবে। একটি ক্যাডেট কলেজ স্থাপন করা হবে। দিনাজপুর মেডিকেল কলেজ এর অন্তর্ভূক্ত করা হবে জিয়া হার্ট ফাউন্ডেশনকে। এমনকি দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে। এসব কিছুই সম্ভব যদি বিএনপি নির্বাচিত হয়।
দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
জনসভায় ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ¦ মাহবুব আহমেদ, সহ সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
এসময় আউলিয়াপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শিশু বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সবুজ, কোতোয়ালী মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, কোতোয়ালী ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ।


