আব্দুল্লাহ আল লোমান,জামালপুর: জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার মেশিনে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভলী বেগম।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী বালুখেকো চক্র দীর্ঘদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে দিনরাত ২৪ ঘণ্টা বালি উত্তোলন করছে। এর ফলে নদীর পাড়ে থাকা বসতবাড়ি, গাছপালা ও জমি ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কও।
তারা আরও বলেন, ড্রেজার মেশিন ও বাল্কহেডের বিকট শব্দে শিশুসহ বৃদ্ধ ও অন্যান্যরা অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত অবৈধ ড্রেজার ও বাল্কহেড বন্ধ না করা হলে অনেক পরিবারকে বসতবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে হবে।
বক্তারা অভিযোগ করেন, বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও বালু উত্তোলন বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা মেলেনি। তাই দ্রুত সরকার ও প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।
পড়ুন: টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, ভোগান্তিতে মানুষ
দেখুন: ভারতে পাচারকালে সীমান্তে ৮০ হাজার ডলার জব্দ |
ইম/


