জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে আবারও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এ নোটিশ প্রদান করেন।
এর আগে গত ২২ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ৯ ও ১৮ লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করা হয়েছিল।
নোটিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে মাদারগঞ্জ হাওয়ার রোড থেকে থানা মোড় পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ তার কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন। ওই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মুসা মিয়া অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি যাচাই-বাছাই করে নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাথমিক সত্যতা পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯ (চ) অনুযায়ী নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নোটিশে উল্লেখ করা হয়, উক্ত মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার আচরণ বিধিমালার বিধি ৯ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না—তা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, “আমরা নিজেরা কোনো ড্রোন ব্যবহার করিনি। কোনো সাংবাদিক তার পেশাগত প্রয়োজনে ব্যবহার করে থাকলে তা আমাদের অজানা ছিল। আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের নির্দেশ দিইনি।”
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, নোটিশের কপি পাওয়ার পর আদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পড়ুন : জামালপুরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান


