জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণমিছিল করে নেতাকর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, “জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং নদীভাঙনসহ ইসলামপুরের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব-এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ও শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ, এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি।
এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ুন:নির্বাচিত হলে দুই বছরে দুর্নীতিমুক্ত না করতে পারলে পদত্যাগ করব: আলী আহমাদ চৌধুরী
দেখুন:লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে চাই: নাহিদ
ইম/


