জামালপুরে এক গৃহবধূকে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালতের নির্দেশে এ অর্থ ভুক্তভোগী গৃহবধূ পাবেন।
বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. মজনু, হানিফ খন্দকার, মো. মমিন মিয়া ও মো. জহুরুল ইসলাম। তারা সবাই জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামিরা ভুক্তভোগী গৃহবধূর বাবার বাড়ির প্রতিবেশী ছিলেন। আসামি মো. মজনু দীর্ঘদিন ধরে গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে জামালপুর সদরের রশিদপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে অপহরণ করে আসামিরা।
পরে অনেক খোঁজাখুঁজির পর আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর আদালত আজ এ রায় ঘোষণা করে।
রাষ্ট্রপক্ষ রায়ের সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
আইনের চোখে অপরাধ যত শক্তিশালীই হোক, ন্যায়বিচারের শিকল ছিন্ন করা যায় না—জামালপুরের এই রায় সেটিরই প্রমাণ।
পড়ুন: প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়ার মুখে পালিয়ে বাঁচলেন শিক্ষক
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/


