জামালপুর সদর থানার অপ্রয়োজনীয় কাগজপত্র পুড়ানোর আগুন চারদিকে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতংকিত পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।
রবিবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, থানার অপ্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ক্যাম্পাসের গাছের শুকনো পাতা ও আবর্জনা পুড়ানোর জন্য বিকালে কাগজপত্রের স্তুপে আগুন ধরানো হয়েছিল। সন্ধ্যার পর থেকে বজ্রপাত ও বাতাস শুরু হলে আগুন বাড়তে থাকে। রাত সাড়ে দশটার পরে প্রচন্ড ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এসময় আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং আগুনসহ ছাই চারপাশে উড়তে থাকে। এসময় আতংকিত পুলিশ সদস্যরা বৃষ্টিতে ভিজেই আগুন নেভানোর চেষ্টা করে।
পরে রাত এগারোটার পর বাতাস কমতে শুরু করলে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়েস্টেজের আগুন বাতাসে ছড়াতে থাকলে প্রথমে পুলিশ সদস্য, পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে।কোন দুর্ঘটনা ঘটেনি।


