জামালপুর-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু ইসলামপুর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনয় সভায় মিলিত হয়েছেন।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সুধীজনরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এমপি সকলের মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইসলামপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


