নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
তার সরকারকে ক্ষমতাচ্যুত করা ‘জেন জি’ প্রজন্মের নেতৃত্বে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তারের পর তাকে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার কিডনির অস্ত্রোপচার করা হবে বলে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পবন কুমার ভট্টরাই আনাদোলুকে জানিয়েছেন। হাসপাতালে ওলির স্ত্রী রাধিকা শাক্য তাকে গ্রহণ করেন।
৭৪ বছর বয়সী ওলি একজন কিডনি রোগী। মার্চের শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পুলিশ সেখানেই তার জবানবন্দি রেকর্ড করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন।
সুপ্রিম কোর্ট পুলিশকে অনির্দিষ্টকালের জন্য আটকাদেশ না বাড়ানোর নির্দেশ দেওয়ার পর এ মুক্তি আসে।
গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হলে অন্তত ৭৭ জন বিক্ষোভকারী, যাদের অধিকাংশই তরুণ, নিহত এবং আরও ৭০০ জন আহত হন। এ বিক্ষোভের ফলেই ওলির সরকারের পতন ঘটে।
নেপালের কমিউনিস্ট পার্টিরও প্রধান ওলি তার গ্রেপ্তারের জন্য রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করেছেন।
৩৫ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ সাবেক র্যাপার এবং এ পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি, এর আগে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

