কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আরেক ধাপ এগোল প্রযুক্তি। ওপেনএআই তাদের নতুন এআই মডেল ‘জিপিটি-৫.৪’ চালু করেছে। এই মডেলটি সরাসরি কম্পিউটার ব্যবহার করতে পারে। অর্থাৎ ব্যবহারকারীর হয়ে বিভিন্ন সফটওয়্যার চালিয়ে কাজ করতে সক্ষম।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৪ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কম্পিউটার ও বিভিন্ন অ্যাপ্লিকেশন সরাসরি পরিচালনা করতে পারে। এর মাধ্যমে স্প্রেডশিট, ডকুমেন্ট বা প্রেজেন্টেশন তৈরির মতো কাজ করা সম্ভব। সহজভাবে বললে, ব্যবহারকারীর নির্দেশ পেলে এআই নিজেই কম্পিউটারে কাজ করে দিতে পারবে।
নতুন মডেলটি এমন কোডও লিখতে পারে, যা দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। স্ক্রিনশট দেখে এটি কিবোর্ড ও মাউসের নির্দেশ দিতে পারে। এছাড়া ওয়েব ব্রাউজার ব্যবহার, বিভিন্ন টুলের সঙ্গে কাজ করা এবং এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস—এক সফটওয়্যারকে অন্য সফটওয়্যারের সঙ্গে যুক্ত করার পদ্ধতি) ব্যবহারের ক্ষেত্রেও এর সক্ষমতা বেড়েছে।
জিপিটি-৫.৪ এর দুটি সংস্করণ ইতিমধ্যে চ্যাটজিপিটিতে চালু করা হচ্ছে। একটি হলো ‘জিপিটি-৫.৪ থিংকিং’, যা জটিল প্রশ্নের উত্তর খুঁজতে বেশি যুক্তি ও বিশ্লেষণ ব্যবহার করে। অন্যটি ‘জিপিটি-৫.৪ প্রো’। পাশাপাশি এই মডেলটি এখন ওপেনএআইয়ের এপিআই এবং এআই কোডিং সহকারী ‘কোডেক্স’-এও পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ এআইকে আরও স্বয়ংক্রিয় করার পথে বড় পদক্ষেপ। ভবিষ্যতে এমন অনেক এআই এজেন্ট একসঙ্গে কাজ করবে, যা মানুষের হয়ে জটিল অনলাইন কাজ সম্পন্ন করতে পারবে।
এর আগে ওপেনএআই ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি টুল চালু করেছিল। এটি কম্পিউটার নিয়ন্ত্রণ করে তথ্য খোঁজা বা অনলাইনে পণ্য কেনার মতো কাজ করতে পারে।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৪ আগের সংস্করণ জিপিটি-৫.২ এর তুলনায় আরও নির্ভুল। কোম্পানির দাবি, এই মডেলের তথ্যগত ভুল হওয়ার সম্ভাবনা প্রায় ৩৩ শতাংশ কম। ফলে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে আরও পরিষ্কার ও নির্ভরযোগ্য উত্তর দিতে পারবে নতুন এই এআই।
পড়ুন- ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের গোপন কৌশল করছে যুক্তরাষ্ট্র
দেখুন- নোয়াখালীতে বামনী ক্লোজার নির্মাণ কাজ বন্ধ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী


