গাজা শান্তি সম্মেলনে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ১০টার কিছু আগে দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ইসরাইলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার ও ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এসময় উপস্থিত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্টের সফর সূচি অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর জিম্মিদের পরিবারের সদস্যরা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ১টার দিকে মিশরের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট রওনা হওয়ার কথা রয়েছে।
গাজায় সংঘাত বন্ধে আজ মিশরের পর্যটন শহর শারম আল-শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। সেখানে হামাস ও ইসরাইল মধ্যে এরইমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে ট্রাম্প সই করতে পারেন বলে মনে করা হচ্ছে।
এই চুক্তি অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের কোনো প্রতিনিধি থাকবে না।
ট্রাম্পসহ ২০টির বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে মিশরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
পড়ুন : যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশর সফরে থাকা কাতারের ৩ কূটনীতিক নিহত


