চুয়াডাঙ্গার জীবননগরের শিয়ালমারী পশু হাটের নিকট ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) এবং রবিউল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৮)। আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (০৮ মার্চ) রাত ৮ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের পূর্ব পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। আরিফুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন।
স্থানীয়রা জানায়, আরিফুল ইসলামসহ ৩ বন্ধু মোটরসাইকেলযোগে জীবননগরে বন্ধুদের সাথে ইফতার করতে যান। ইফতার শেষে তারা রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা শিয়ালমারী পশু হাটের নিকট পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আরিফুল ইসলামের ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত লাগে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দু’মোটরসাইকেল আরোহী অপর দু’বন্ধু সোহেল ও ফারুক হোসেন গুরুতর আহত হন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

