জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিলে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে শুধু শিক্ষার্থী বা রাজনীতিবিদ নয়, বিপুলসংখ্যক শ্রমিকও অংশ নিয়েছিলেন এবং জীবন দিয়েছেন। তিনি দাবি করেন, শহিদদের একটি বড় অংশ শ্রমজীবী মানুষ, যারা রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ও সংসদের সব পক্ষই ‘জুলাইয়ের ফল’ হিসেবে প্রতিষ্ঠিত। তাই এ প্রেক্ষাপট উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না।
সংসদে বিরোধী কণ্ঠ দমিয়ে রাখার অভিযোগ করে তিনি বলেন, সুযোগ সীমিত থাকলেও বিরোধী দল তাদের অবস্থান থেকে কথা বলে যাচ্ছে। জনগণের অধিকার তুলে ধরতেই তারা সংসদে গেছেন।
তিনি সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন এবং বলেন, কোনো ধরনের একক কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। চলমান আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
এ সময় দেশের ব্যাংক খাতে দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না।
পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চিকিৎসা ও বিজনেস ভিসা চালু করবে ভারত
আর/


