ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-১১ আসনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবে এ আসনের জনগণ।”
তিনি বলেন, “সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে একই আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছে। জনগণ ১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে। হাদি-মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে।”
কোনো দলের নাম উল্লেখ না করে ডা. শফিকুর রহমান বলেন, “একটি দল মাঝেমধ্যে বলে, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। অথচ এরাই ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। এই সাড়ে ১৫ বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন, তারা গত ৬ আগস্ট থেকে মামলাবাণিজ্য শুরু করেছে। এদের জ্বালায় সব শ্রেণির মানুষ অতিষ্ঠ।”
নির্বাচনি প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে প্রতি বছর সংসদীয় প্রতিনিধিদের অর্থের হিসাব নেওয়া হবে। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ লড়াই চালানো হবে এবং যুবকদের জন্য কর্মসংস্থান বাড়ানো হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেবে যুবকরাই, আর চালকের আসনেও থাকবে তারাই।
একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।
পড়ুন: ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই ঘরে ফিরবো: নাহিদ ইসলাম
আর/


