মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দেওয়ায় দেশে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৫ মার্চ ২০২৬ থেকে দেশের ০৯টি জেলার ১৯টি জ্বালানি তেল ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ১.৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিপোটি ইউনিট সদর থেকে দূরবর্তী হওয়ায় দায়িত্ব পালনের সুবিধার্থে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করছেন। একইসঙ্গে অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া দায়িত্বাধীন ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার,
চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ০৩টি এলসি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক বা ডাম্পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশের সময় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
পড়ুন : জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, জরিমানা করে মজুদ তেল বিক্রির ব্যবস্থা করলো প্রশাসন


