ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ রোববার বেলা ১১টায় তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। উল্লেখ্য, সাইফুল ইসলাম ফিরোজ বিএনপির কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। স্বতন্ত্র নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হলেও তার দাবী তিনি শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের একজন আদর্শের কর্মী। ৪০ বছর ধরে বিএনপির সাথে যুক্ত আছেন।
মতবিনিময়ে সাইফুল ইসলাম ফিরোজ তার নির্বাচনী ইশতেহারে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা খাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা জোরদার, পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার কথা বলেন। এলাকার একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলকে লাভজনক প্রতিষ্টানে রুপান্তরিত করতে কাজ করবেন।
এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব পায়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ওপর জোর দেন তিনি।
মতবিনিময় সভায় সাইফুল ইসলাম ফিরোজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তিনি দাবি করেন, তার সমর্থকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃংখলাবাহিনী ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ মতবিনিময়ে সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুণ ইসলাম,সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু সহ সমর্থিত অন্নান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- এই নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন, জামায়াতের আমির
দেখুন- দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল


