মুন্সীগঞ্জে সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠতে গিয়ে ঝুলে থেকে শেষমেশ ধলেশ্বরী নদীতে পড়লেন এক যাত্রী। পরে তাকে মুহুর্তেই উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার দুপুরে দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘রফ রফ ৭’ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ভিড়লে যাত্রীরা ওঠানামার সময় মো. জাহির নামে এক ব্যক্তি অসাবধানতাবশত নদীতে পড়ে যান।
এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া ওই যাত্রীর বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
পড়ুন : পটুয়াখালী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন ডিসি-এসপি


