পটুয়াখালীর বাউফলের ঝিলনা গ্রামে সুদের টাকা না দেওয়ায় এক গৃহবধূ শিরিন বেগমের ওপর হামলা, লুটপাট ও বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে।
শিরিন বেগম জানান, তার শাশুড়ি রিপন গাজীর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা সুদে নিয়েছিলেন এবং জমি দলিল করে দেওয়ার পরও রিপন আরও টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি ও তার সহযোগীরা হামলা চালান।
হামলার সময় শিরিনের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেওয়া হয় এবং ঘরের মালামালসহ ৪০০ মুরগি লুট করা হয়। পরে তাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শিরিন বেগম আদালতে মামলা করেছেন, যেখানে রিপন গাজীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তিনি ও তার স্বামী দ্রুত আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, রিপন গাজী জমি কেনার দলিল দেখিয়েছেন এবং বিষয়টি পারিবারিক মীমাংসার দাবি করা হয়েছে। তবে আদালতে মামলা হয়েছে কি না, তা পুলিশ নিশ্চিত নয়।
এনএ/


