টাঙ্গাইলে’র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হামিদুল হক মোহন মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এর আগে বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় তার নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করে এলাসিনে অপর একটি প্রচারণায় যোগদান করার জন্য যাচ্ছিলেন মোহন। পরে সেখানে যাওয়ার পথে গাড়িতে হার্টএট্যাক করলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস বলেন, হামিদুল হক মোহন এবার দেলদুয়ার নাগরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যার কারণে বিভিন্ন জায়গায় জনসংযোগ করার জন্য সভা সমাবেশ করছেন কয়েকদিন যাবত। তার ধারাবাহিকতায় আজকে দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নির্বাচনী জনসভা শেষ করে এলাসিন এলাকায় অপর একটি প্রচারণায় অংশ গ্রহন করার জন্য যাবার পথে তিনি হার্ট অ্যাটাক করেন।
হাসপাতালের মেডিসিন বিভাগে দায়িত্বে থাকা ডা. মাহমুদুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
হামিদুল হক মোহন ৮ আগস্ট ১৯৫২ সালে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু টাঙ্গাইল শহরে, পরে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে। এসএসসি (১৯৬৫), এইচএসসি (১৯৬৬) ও স্নাতক (১৯৬৮) সম্পন্ন করেন সা’দত কলেজ থেকে।
তিনি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।
পড়ুন : টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামে মামুন সভাপতি, শামীম সম্পাদক


