টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিলন(২৪) টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে এবং আরফান খান (৭৫) বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে। আরফান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি হুমায়ুন কবির বলেন, আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

