এরশাদের শাসনামলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা ছাত্রদলের উদ্যােগে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
সেখানে মরহুমের পরিবার, বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
পরে পৌর উদ্যানে গণভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু নিজ হাতে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এ আন্দোলনের অন্যতম তৎকালীন ছাত্রনেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।
পড়ুন- নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত


