টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নামছে ভারত। তাদের প্রতিপক্ষ ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্টের সেমিফাইনালে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। সেখানে একবার করে জয় পেয়েছে ভারত ও ইংল্যান্ড। চমকপ্রদ তথ্য হলো, প্রতিবার যে দলটি এই লড়াইয়ে জিতেছে, শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছে।
দুই দল ভিন্ন লক্ষ্য নিয়ে আজ খেলতে নামবে। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। স্বাগতিক ভারত দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে, আর ইংল্যান্ড নামছে নিজেদের শতভাগ নিখুঁত ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে।
২০২২ সালে অ্যাডিলেডে সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। পরে মেলবোর্নের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে তারা। দুই বছর আগে গায়ানায় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় ভারত। এরপর বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে রোহিত শর্মার দল।
২০২৪ সালের আসরে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের স্বাদ পেতে হয়েছে। এরপর অবশ্য জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সূর্যকুমার যাদবরা।
এবারের টুর্নামেন্টে ভারতের টপ অর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার অভিষেক শর্মা ছয় ম্যাচে করেছেন মাত্র ৮০ রান। যার মধ্যে তিনবার শূন্য রানে আউট হয়েছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রান দলকে স্বস্তি দিয়েছে। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবের মতো ব্যাটারদের নিয়ে মাঝের সারিতে যথেষ্ট শক্তি রয়েছে ভারতের। বোলিং বিভাগ নিয়ে তেমন দুশ্চিন্তা নেই।
অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও আত্মবিশ্বাসী। টুর্নামেন্টের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও পরে ছন্দে ফিরেছে তারা।
অলরাউন্ডার উইল জ্যাকস নিচের দিকে ব্যাট করে ১৯১ রান করেছেন এবং নিয়েছেন সাতটি উইকেট। চারবার ম্যাচসেরা হয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক হ্যারি ব্রুক, টম ব্যান্টন ও স্যাম কারান ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তবে সাবেক অধিনায়ক জস বাটলার এবার খুব একটা সফল নন। সাত ম্যাচে তার সংগ্রহ মাত্র ৬২ রান। তার ওপেনিং সঙ্গী ফিল সল্টও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন। সব মিলে এখনও নিখুঁত পারফরম্যান্সের অপেক্ষায় তারা। ম্যাচের আগের দিন স্যাম কারানও বললেন, ‘যদি কখনও আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হয়, তাহলে সম্ভবত বৃহস্পতিবার রাতটাই সেই সময়। টি–টোয়েন্টিতে কখনও কখনও কয়েকজন খেলোয়াড়ের ব্যাট ও বল হাতে ভালো পারফরম্যান্সই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবহাওয়া বড় ফ্যাক্টর হতে পারে। যদিও আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদার জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ। তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তারপরও বৃষ্টি হলে যেন ম্যাচের ফল নির্ধারণ করা যায়, সে জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃহস্পতিবার অতিরিক্ত ৯০ মিনিট এবং শুক্রবার ১২০ মিনিট সময় বরাদ্দ রয়েছে, যাতে অন্তত পাঁচ ওভারের খেলা সম্পন্ন করা সম্ভব হয়।
সব প্রচেষ্টা সত্ত্বেও যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ফল নির্ধারণ হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী। সে ক্ষেত্রে সুপার এইট গ্রুপ–২-এর শীর্ষ দল ইংল্যান্ড ফাইনালে উঠবে এবং মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ভারত সুপার এইট গ্রুপ–১-এ দ্বিতীয় হয়েছিল।
পড়ুন: ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা
আর/


