কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের নেতৃত্বে টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


