গত ২৪ ঘণ্টায় সারাদেশে “অপারেশন ডেভিল হান্ট” ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র “অপারেশন ডেভিল হান্ট” এ ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এই বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ডেকে নিয়ে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনার পর শনিবার গাজীপুরে বিক্ষোভ হয় এবং এর পর গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়।
এনএ/


