রাজধানীর ডেমরা শূন্না টেংরা এলাকায় সম্প্রতি রাতের আঁধারে বৈদ্যুতিক তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গভীর রাতে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন, ঠিক তখনই সংঘবদ্ধ চোরচক্র সুযোগ নিয়ে বিদ্যুতের তার কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীরা জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়ীতে এই ধরনের চুরির ঘটনা ঘটছে। এতে করে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে ঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। অনেক এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা ।
প্রত্যক্ষদর্শী জানান, গভীর রাতে সন্দেহভাজন কিছু লোকজনকে বৈদ্যুতিক খুঁটির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সকালে উঠে দেখা যায়, খুঁটি থেকে তার উধাও। তবে ভয়ে অনেকেই সরাসরি বাধা দিতে সাহস পান না।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও পর্যাপ্ত নজরদারি বা টহলের অভাব রয়েছে। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত সময়ের মধ্যে এসব চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হবে।
এদিকে বিশেষজ্ঞরা বলিছেন, বৈদ্যুতিক তার চুরি শুধু আর্থিক ক্ষতিই নয়, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
পড়ুন: ক্ষমতাসীন দলের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি: গোলাম পরওয়ার


