বিজ্ঞাপন

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই গেলে প্রতিপক্ষ ডোমার পৌর ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমাউল হুসনা মজনুকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহত মজনুর ভাতিজি মিম অভিযোগ করে বলেন, “আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশ যদি ফোন পাওয়ার পরপরই আসতো, তাহলে হয়তো কেউ মারা যেত না।”

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নীলফামারীতে জামায়াতে ইসলামী’র মুক্ত আলোচনা ও ইফতার মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন