চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তসবিহ নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ঘুঁটি গিলে ফেলার পর গলায় আটকে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তালহা বিন শহীদ ভূঁইয়া স্থানীয় শহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তালহার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন এবং মা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যায় খেলতে গিয়ে তসবিহর একটি ঘুঁটি গিলে ফেলে তালহা। পরে সেটি তার গলায় আটকে গেলে শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তসবিহর ঘুঁটি গলায় আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় এই মৃত্যু ঘটে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।
পড়ুন- খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
দেখুন- স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী


