বিজ্ঞাপন

তামিমের নেতৃত্বে প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

তামিমের নেতৃত্বে কমিটির বাকি সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দায়িত্ব পাওয়ার পরপরই সন্ধ্যা ৬টায় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে আসেন তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি। পরে সেখানেই রাত ৮টায় প্রথম মিটিংয়ে বসেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্যরা

সভায় বোর্ডের নিয়মিত কার্যক্রম চালু রাখা, ব্যাংক সিগনেটরি নির্ধারণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে প্রতিনিধিত্বসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে কয়েকটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যে অন্যতম ছিল ব্যাংক সিগনেটরি নির্ধারণ। বিসিবির ব্যাংক সিগনেটরি দুটি গ্রুপে ভাগ করা থাকবে, ম্যানেজমেন্ট গ্রুপ ও বোর্ড বা অ্যাডহক কমিটির গ্রুপ। ম্যানেজমেন্ট গ্রুপে থাকবেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও হেড অব ফাইন্যান্স। আর বোর্ডের পক্ষ থেকে সিগনেটরি হিসেবে থাকবেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান।

সভায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিসিবির প্রতিনিধিত্ব নিয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রথা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিবির সভাপতিই অংশ নেন। সেই অনুযায়ী এই দুটি সংস্থার সভায় অংশ নিতে তামিম ইকবালকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি বোর্ডটি যেহেতু অ্যাডহক কমিটি, তাই পরামর্শ অনুযায়ী সেখানকার বৈঠকে বিসিবির সিইওকেও এক্স অফিসিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হয়েছে। সফরের প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে একটি আপডেট নেওয়া হয়েছে এবং আগামী সভায় বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া অ্যাডহক কমিটির পক্ষ থেকে একজন মুখপাত্রও নির্ধারণ করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডহক কমিটির সদস্য তানজিল আহমেদ। একই সঙ্গে বোর্ডের আইনি বিষয়গুলো দেখভালের জন্য লিগ্যাল কাউন্সিল নিয়োগের বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত পরবর্তী সভায় জানানো হবে।

প্রথম সভায় নিজেদের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে তানজিল বলেন, ‘ব্যাংকের সিগনেটরি (দাপ্তরিক কাজ পরিচালনায় আইনিভাবে অনুমোদিত ব্যক্তি) থাকতে হয়। ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স এবং সিইও থাকবেন। অন্য গ্রুপ থেকে আমাদের সভাপতি (তামিম) এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থাকবেন (সিগনেটরি হিসেবে)।’

অ্যাড-হক কমিটির মেয়াদ তিন মাস, ওই সময়ের ভেতর তারা নতুন নির্বাচনের আয়োজন করবে। ফলে এর মধ্যে আইসিসি ও এসিসিতে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) পদাধিকার বলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম। তানজিল জানিয়েছেন, ‘আইসিসি এবং এসিসিতে প্রতিনিধিত্ব থাকতে হয় বোর্ড থেকে। আমাদের সভাপতি তামিম ইকবালকে মনোনীত করেছি। আইসিসি থেকে তারা আমাদের গাইড করেছেন, যেহেতু আমরা একটি অ্যাড-হক কমিটি, নির্বাচিত কমিটি না, তাই সিইও থাকলে ভালো হয়। সেটাও আজকে আমরা অনুমোদন করেছি।’

এ ছাড়া আগামী বুধবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সেই সিরিজ প্রসঙ্গে তানজিল বলেন, ‘নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও আমরা আপডেট নিয়েছি। আগামী সভায় বিস্তারিত আলাপ করব।’

উল্লেখ্য, বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির পরের সভা বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এর আগে, গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এ কারণে নির্বাচনের আগেই নিজেদের প্রত্যাহার করে নেয় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন : নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি বুলবুলের, তামিমের কমিটি ‘অবৈধ’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন