ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ। ৩১ দফার মধ্যেই নিহিত রয়েছে দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের রূপরেখা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আখাউড়া পৌরশহরের খড়মপুর মাজার শরিফ কমপ্লেক্সে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বিগত ১৭ বছরে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। কসবা ও আখাউড়া উপজেলার রাস্তাঘাটের অবস্থা নাজুক; চলাচল করতে গেলে মানুষের কষ্টের সীমা থাকে না।
তিনি যুবসমাজের উদ্দেশে বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে আখাউড়া উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা। এখানে একটি স্থলবন্দর ও দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হই, তবে এ অঞ্চলকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো। এতে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব থাকবে না।
তিনি আরও বলেন, কসবা ও আখাউড়া উপজেলাকে ‘হেলথ সিটি’ হিসেবে গড়ে তোলা হবে। এতে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না।
সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলা উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খান বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন জালু, শিক্ষক নেতা সাজিদুর রহমান সাজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, খড়মপুর মাজার শরিফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম, ইয়াছিন খাদেম প্রমুখ।
পরে জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া পৌরশহরের টানপাড়া, দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেন। এর আগে তিনি খড়মপুর কল্লা শহীদ (র.) মাজার শরিফ জিয়ারত করেন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
পড়ুন : আখাউড়ায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়ার সময় শাশুরির মৃত্যু


