তুরস্কে বড়দিন ও নববর্ষের অনুষ্ঠান ঘিরে হামলার পরিকল্পনা ভণ্ডুল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কথিত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সন্দেহভাজন শতাধিক সদস্যকে আটক করা হয়েছে। মূলত দেশজুড়ে চালানো এই অভিযানে আইএসের সঙ্গে যুক্ত ১১৫ জনকে আটক করেছে তুর্কি কর্তৃপক্ষ। এছাড়া আরও ২২ জনকে ধরতে তল্লাশি চলছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইস্তানবুল জুড়ে ১২৪টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরের প্রধান কৌঁসুলি। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি এবং ‘সংগঠনের নথি’ জব্দ করা হয়। কর্মকর্তাদের বরাতে জানানো হয়, এই সপ্তাহে তুরস্কজুড়ে বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল আইএস সমর্থকেরা।
সরকারি বিবৃতিতে বলা হয়, ১১৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া আরও ২২ জনকে ধরতে অভিযান চলছে। কৌঁসুলির দপ্তর জানায়, আটককৃত ব্যক্তিরা তুরস্কের বাইরে অবস্থান করা আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
এদিকে আটকের ঘোষণার দুই দিন আগে আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত এলাকায় সন্ত্রাসী এই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান চালায় তুরস্কের গোয়েন্দা সংস্থা। অভিযানে আইএসের ওই অঞ্চলের শাখায় শীর্ষ পদে থাকা এক তুর্কি নাগরিককে আটক করা হয়। বেসামরিক মানুষের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বিবিসি বলছে, আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলো নিয়মিত অভিযান চালিয়ে থাকে। দেশটির সঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) সীমান্ত রয়েছে এবং সেখানে এখনও বিভিন্ন এলাকায় আইএস সক্রিয় রয়েছে বলে মনে করা হয়।
পড়ুন: শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে
আর/


