গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মম ভাবে কুপিয়ে কুপিয়ে গলা কেটে হত্যার সঠিক বিচার চেয়ে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত সাংবাদিক ও ছাত্র-জনতা।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ঐতিহাসিক উত্তরার বিএনএস সেন্টারে অনুষ্ঠিত মানববন্ধন ছাড়াও উত্তরা পূর্ব থানার সামনে একাধিক সাংবাদিক সংগঠন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেন।
ঐতিহাসিক বিএনএস সেন্টার মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক নাগরিক টেলিভিশনের রিপোর্টার মোঃ মাসুদ পারভেজ। তিনি বলেন,গণমাধ্যম কর্মীরা হলো সমাজের আয়না,জাতির বিবেক। তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে নিরলস ভাবে কাজ করে, তারা সমাজের নির্যাতিত অবহেলিত জনগোষ্ঠীর হয়ে কাজ করে।
তিনি আরো বলেন, আপনারা অনেকেই জোঁনাকি পোঁকা চিনেন। জোনাকি পোঁকারা রাতের ঘোর অন্ধকারে জ্বলে জ্বলে পথিককে যেমন আলো দিয়ে পথ দেখায়, তেমনি সংবাদকর্মীরা ও সমাজের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির চিত্র তুলে ধরে সমাজ পরিবর্তনের চেষ্টা করে। সমাজের আয়না গণমাধ্যম কর্মীকে হত্যা করা মানে নিজেদের ক্ষতি করা।
মাসুদ পারভেজ বলেন, আমরা জেনেছি তুহিন হত্যাকারীদের পুলিশ গ্রেফতার করেছে। আমরা শুধু গ্রেফতার চাই না, আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আমরা দাবি করছি দ্রুত সময়ের মধ্যে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; আমরা আশাবাদী সংবাদকর্মীকে নির্মম ভাবে হত্যার ঘটনায় জড়িতদের এমন কঠিন শাস্তি দিতে হবে, ভবিষ্যতে কেউ যেন সাংবাদিকদের উপর চোখ তুলে দেখার ও সাহস না পায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৃহত্তর উত্তরার সাংবাদিক সমাজ ছাড়াও রাজনীতিক নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা। সহকর্মী হত্যার বিচার চেয়ে সাংবাদিকদের আয়োজিত মানববন্ধনের একাত্মতা জানিয়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম- আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন উত্তরা পশ্চিম থানার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী, বিশিষ্ট সমাজ সেবক ইন্তেখাব আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক ও আহতযোদ্ধা মো. শাকিলসহ আরো অনেক।
এ সময় উত্তরায় বসবাসরত দেড়-শতাধিক গণমাধ্যমকর্মী একাধিক জায়গায় মানববন্ধন করেন।
মানববন্ধনে অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দগণ বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দূর্বৃত্তদের সাহস বেড়ে গেছে । এরই ফলশ্রুতিতে তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছে। সাংবাদিকরা আরো বলেন,প্রকাশ্যে জন সম্মুখে তুহিন হত্যায় এটাই প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পড়ুন : সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৮ জন গ্রেফতার, ১৫ দিনের মধ্যে চার্জশিট দেয়ার আশা পুলিশের


