32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তেল আবিব ও তেহরানের কেন্দ্রে পাল্টাপাল্টি হামলা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধ সপ্তাহ পার করেছে। এ যুদ্ধের ক্ষেত্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সহস্রাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতিতে লেগেছে বড় ধাক্কা। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে অনেক দেশ। বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে জ্বালানি তেলের সংকট তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। যুদ্ধে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও।

বিজ্ঞাপন

শুক্রবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। এ হামলায় প্রথমবারের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। এ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম, নৌবহরসহ বিভিন্ন স্থাপনাকে অব্যাহতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান। গতকাল সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতে হামলা চালায় ইরান। তবে দেশগুলো বলছে, ইরান থেকে আসা ড্রোন তারা আকাশে আটকে দিয়েছে। ইরানের গণমাধ্যমে কুয়েতে ব্যাপক হামলার কথা বলা হয়েছে। গতকাল দেশটিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এর আগে যুদ্ধ চলাকালে আরও দুই বাংলাদেশি নিহত হন।

এ অবস্থায় বিশ্বব্যাপী এলএনজি সরবরাহকারী কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। এরই মধ্যে কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করেছে এবং সংঘাতের আগুন জ্বেলেছে, যে কোনো মধ্যস্থতার আগে এ বিষয়গুলো মনে রাখতে হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম বিপ্লবী গার্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন, ইউরোপীয় বা ইসরায়েলি জাহাজ দেখা গেলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তারা বলেছে, যুদ্ধ চলাকালে নৌযান চলাচল ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

বিবিসি জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেননি। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার একটি লক্ষ্য হলো– মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যে হামলা চালানোর জন্য ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ছয় দিন পর গত বৃহস্পতিবার শোক প্রকাশ করেছে ভারত। তবে এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা জানায়নি।
যুদ্ধে বড় আর্থিক ক্ষতি মোকাবিলা করছে তেল আবিব। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে দেশটির সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৯ বিলিয়ন সেকেল।

ইসরায়েলে ব্যাপক হামলা ইরানের
প্রেস টিভি অনলাইন জানায়, অপারেশন ট্রু প্রমিজের অংশ হিসেবে গতকাল ইরান ইসরায়েলে তাদের ২২তম প্রবাহের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খুররম শাহর ৪, খাইবার, ফাতাহ ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়। এতে তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফার সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রের এক ভিডিও ফুটেজও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র ইরান আগে কখনও ব্যবহার করেনি।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে গতকাল এক দিনে ইসরায়েলে ১৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ১৯ জন আহত ও ১১৪ জন সামান্য আহত হয়েছেন। এ ছাড়া চারজন আতঙ্কজনিত সমস্যায় ভুগছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জানায়, অভিযান শুরুর পর থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত মোট আহতের সংখ্যা এক হাজার ৬১৯। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৩৮ জন আহত হন, এর মধ্যে ১১ জন মারা গেছেন। এ ছাড়া দুজন গুরুতর আহত, ছয়জন মাঝারি আহত ও ১২০ জন সামান্য আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি-স্থাপনায় ক্ষয়ক্ষতি
কুয়েতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গতকাল দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। স্যাটেলাইট ছবিতে ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। হামলা হয়েছে ইরাকেও। দেশটির নিরাপত্তা বাহিনী বলেছে, গতকাল দেশটির বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যায়নি। আলজাজিরা জানায়, হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। সেখানে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হরমুজ প্রণালির একটি তেলের জাহাজে ড্রোন হামলা হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত বৃহস্পতিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। এক্সে প্রকাশিত একাধিক আপডেটে মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘আটকানো ও ধ্বংস’ করা হয়েছে। রিয়াদের আশপাশে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরব আমিরাত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের রাডার ধ্বংসের দাবি
যুক্তরাষ্ট্র ও জর্ডানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। প্রেস টিভি জানায়, জর্ডানের একটি ঘাঁটিতে হামলার পর মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাডকে সহযোগিতা করে– এমন একটি রাডার ধ্বংস করা হয়েছে। একইভাবে আরব আমিরাতেও ধ্বংস করা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল তেহরানসহ ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল পর্যন্ত সাত দিনে ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৩৩২ জন। নিহতদের মধ্যে স্কুলশিশু ১৬৮টি। আহতের সংখ্যা ২ হাজারের বেশি। আহতদের ৬২৫ জনের অস্ত্রোপচার হয়েছে। ১১টি হাসপাতাল, আটটি জরুরি চিকিৎসা কেন্দ্র ও ১২টি অ্যাম্বুলেন্স যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী লোরেস্তান প্রদেশের পোলডোখতার থেকে আসা চার মাস বয়সী একটি মেয়ে শিশু। সবচেয়ে প্রবীণ হলেন ৯৪ বছর বয়সী একজন নারী, যিনি কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ থেকে এসেছেন। আটজন স্বাস্থ্যকর্মী নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
গতকাল ইরানে সবচেয়ে বড় হামলা হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে। সেখানে বেসামরিক মানুষসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, তেহরানের পাশাপাশি কুওম শহরেও হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

আলজাজিরা জানিয়েছে, হামলার সপ্তম দিনে গতকাল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি২ বিমান থেকে বোমা হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের বি২ স্টিলথ বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর ডজনখানেক ২ হাজার পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা (ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস ঘটাতে সক্ষম) নিক্ষেপ করেছে।

ইরানে ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
আলজাজিরা জানিয়েছে, ইরানে হামলায় ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছেন। কোলিভান্দ আরও জানান, ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবাকেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগ ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া তাদের সঙ্গে আর কোনো চুক্তি হবে না!’ সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি ইরানের নতুন নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনরুদ্ধারে সহায়তার জন্য কাজ করবে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। পরে ইরানের কর্তৃপক্ষ এটাকে ভুয়া খবর বলে উড়িয়ে দেয়।

ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয়, বললেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় হবে। এক্ষুণি তিনি এমন কোনো বিষয় নিয়ে ভাবছেন না। গত বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে, তার সবকিছুই হারিয়েছে।’
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিকে বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্থল আক্রমণের জন্য প্রস্তুত। ট্রাম্প বলেন, তিনি বর্তমান ইরানের নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান। তিনি বলেন, ‘ইরানে আমাদের কিছু লোক আছে, যারা আমার মনে হয় ভালো কাজ করবে।’

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বাড়বে, বলছেন হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার ও ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে ব্রিফ করেছেন। হেগসেথ বলেন, ‘ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে। তবে দুঃখজনক যে শুরু থেকে ব্রিটিশরা এমনটা বলেনি।

লেবানন থেকে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ
লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সংগঠনটির শীর্ষ নেতাদের হত্যার পর এমন হামলায় রীতিমতো বিস্মিত সামরিক বিশেষজ্ঞরা। ক্ষেপণাস্ত্র-ড্রোন দিয়ে চালানো হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন। হিজবুল্লাহ সীমান্তবর্তী শহরগুলো খালি করতে বলেছে। ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের এক কর্মকর্তা ও সেনাসদস্য আহত হয়েছেন।
এ প্রেক্ষাপটে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। আলজাজিরা জানায়, বৈরুতের দক্ষিণ দাহিয়েহ শহরতলির পাশাপাশি সিডনসহ দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েলের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। লেবাননে এক সপ্তাহে অন্তত নিহত হয়েছেন ২১৭ জন।

কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে: ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে।’ বিবিসি জানায়, তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে পেজেশকিয়ান লেখেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ। তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই। মধ্যস্থতা তাদের উদ্দেশে হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে ও এ সংঘাতকে উস্কে দিয়েছে।’

ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় নোঙর করা রয়েছে। তিনি জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে। জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। তিনি বলেন, শ্রীলঙ্কায় ইরানি দূতাবাস ও কলোম্বো সরকারের মধ্যে আলোচনার পর ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন জাহাজের অধিনায়ক।
প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে বলেন, ২০৮ ক্রুকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন জ্যেষ্ঠ নাবিক ও ২৩ জন নাবিক রয়েছেন। গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজ আইআরআইএস দেনায় হামলা চালিয়ে ডুবিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এতে ইরানের ৮০ জনের বেশি নিহত ও ৬১ জন নিখোঁজ হন।

ইরানের স্কুলে হামলার পেছনে যুক্তরাষ্ট্র
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীদের ধারণা– ইরানের মিনাব এলাকার শাজরা তাইয়িবা বালিকা বিদ্যালয়ে বিমান হামলার জন্য দায়ী মার্কিন বাহিনী। যুদ্ধের প্রথম দিনে চালানো ওই হামলায় ১৬৮ জন নিহত হন, যাদের মধ্যে দু-একজন বাদে সবাই পাঁচ থেকে ১০ বছরের মেয়ে।

হরমুজ প্রণালিতে কিছু জাহাজ চলাচল করছে
সূত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। যুদ্ধের কারণে শত শত জাহাজ ওই প্রণালির চারপাশে আটকে আছে। বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ। এ কারণে জ্বালানির দাম বেড়ে গেছে।

দীর্ঘ যুদ্ধে ইউরোপের স্বার্থ নেই, জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎস বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত করা আঞ্চলিক স্থিতিশীলতা ও ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। তিনি বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত ইসরায়েল ও এ অঞ্চলে তার অংশীদারদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আলজাজিরা জানিয়েছে, ইরানে অস্থিতিশীলতা ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এবং অভিবাসনের অনিয়ন্ত্রিত ঢেউ শুরু করতে পারে বলে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা মারাত্মক ভুল: স্পেনের প্রধানমন্ত্রী
দ্য গার্ডিয়ান অনলাইন জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি মারাত্মক ভুল ও আন্তর্জাতিক আইনের বিরুদ্ধাচারণ। সানচেজ বলেন, ‘মিত্র দেশগুলোর মধ্যে যখন অন্যটি সঠিক, তখন সাহায্য করা ভালো। তবে যখন তারা ভুল করে, তখন তাদের জানানোও ভালো।’ গতকাল পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরায়েল
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাইয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই বাঙ্কার থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ-সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন।

তেহরানে সিএনএনের সাংবাদিক
মার্কিন গণমাধ্যম হলেও সিএনএনের সাংবাদিক ফ্রেডরিক পিটারকে ইরানের রাজধানী তেহরানে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার। গতকাল সিএনএন ইন্টারন্যাশনাল এক্স পোস্টে জানায়, তেহরানে চেকপয়েন্ট বেশি দেখা গেলেও সশস্ত্র বাহিনীর লোকজনের উপস্থিতি ছিল কম। তবে কোনো আতঙ্কের পরিবেশ ছিল না। দোকান খোলা ছিল। সারিতে না দাঁড়িয়েই স্টেশনে মিলছিল গ্যাস। ইরান সরকারের অনুমোদনে কেবল সিএনএনই দেশটি থেকে সংবাদ পরিবেশনের সুযোগ পেয়েছে। 

পড়ুনঃগণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

ইমিঃ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন